রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসায় একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এসব সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ছাত্রদল, জকসু, জাতীয় ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
অন্যদিকে, ঢাকা কলেজে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করে।
দিনের শেষ ভাগে ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত শিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ন্যাশনাল মেডিকেল হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে।
একই দিনে রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।