চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের একটি পীড়ায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছিলেন তিনি।
মাওলানা উসমান ফয়েজীর ছেলে মাওলানা এখলাস ফয়েজী তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা উসমান ফয়েজী মেখল মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালের পর মুহতামিম পদটি শূন্য হলে জরুরি বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে নতুন মুহতামিম হিসেবে নির্বাচিত করা হয়।
মাওলানা উসমান ফয়েজী মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর ছোট নাতি। পারিবারিকভাবেও তিনি দেশের সুপরিচিত আলেম পরিবারের একজন সদস্য ছিলেন।