আসামের লখিমপুর জেলার লালুক এলাকার তিন মুসলিম তরুণকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তাদের দাবি, নিট (NEET) পরীক্ষাকে ঘিরে ভারতের চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ আয়োজনের চেষ্টা করায় মুসলিম এই যুবকদের গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, এমকমের শিক্ষার্থী মঞ্জুর রহমান (২৩), এমকমের আরেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক আবদুল কাশেম (২৩)। কাশেম একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন এবং পেশাগত লাইসেন্সের অপেক্ষায় আছেন।
শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম মুসলিম মিররের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পরিবারের সদস্যদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভের আয়োজনের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। এ জন্য লালুক থানায় আনুষ্ঠানিক অনুমতিও চেয়েছিলেন, কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি।
মঞ্জুরের বাবা মজিবুর বলেন, “আমার ছেলে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করতে চেয়েছে। এতে অসাংবিধানিক কিছু নেই। দেশের বিভিন্ন জায়গায় তরুণরা আন্দোলন করছে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমার ছেলে তো এখনো কোনো বিক্ষোভই করেনি।”
আশরাফুলের বাবা আয়ুব আলীর অভিযোগ, শুধু মুসলিম হওয়ায় তাদের ছেলেদের লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্য সম্প্রদায়ের মানুষ একই ধরনের কাজ করলেও তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
পুলিশ তাদের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার ধারা সংযুক্ত করে মামলা করেছে। তবে আদালত পুলিশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে তিনজনকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র : মুসলিম মিরর