ভারতের হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলার রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সড়ক দুর্ঘটনায় পা ভেঙে হাসপাতালে ভর্তি হওয়া এক নারীর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করার পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতের পরিবারের দাবি, তাদের অনুমতি ছাড়াই এই অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছে পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহত গুড্ডি দেবী উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার বাসিন্দা। গত ২৪ জুলাই সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে গেলে হরিয়ানার পানিপথের জিটি রোডের পার্ক হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের প্রত্যাশা ছিল, তার পায়ের অস্ত্রোপচার বা প্রয়োজনীয় অর্থোপেডিক চিকিৎসা করা হবে।
নিহতের ছেলে কুলদীপের অভিযোগ, ভর্তি হওয়ার পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, গুড্ডি দেবীর হৃদ্যন্ত্রে একটি রিং বসানো হয়েছে। তবে এ বিষয়ে তাদের কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি এবং অপারেশনের আগে তাদের জানানো হয়নি।
পরিবার আরও অভিযোগ করে, অস্ত্রোপচারের সম্মতিপত্রে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। রিং বসানোর বিষয়টি তারা জানতেন না। অস্ত্রোপচার শেষ হওয়ার পর ডাক্তাররা তাদের জানিয়েছে।
কুলদীপ চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, প্রতারণা এবং অপ্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার অভিযোগ এনে জানান, এসব কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ করলেও হাসপাতালের কিছুই হবে না।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পানিপথের সেক্টর-২৯ থানার পুলিশ ওই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সপনা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, পরিবারের আনা অভিযোগগুলোর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ করা হবে।