ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে পৃথক দু’টি হামলায় দখলদার ইসরাইলিরা দু’টি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে।
রোববার (২৬ জুলাই) চালানো এই হামলাগুলোর মধ্যে একটি ছিল তুলকারেমের দক্ষিণে অবস্থিত কুর গ্রামের মসজিদে এবং অন্যটি নাবলুসের দক্ষিণে কুসরা শহরে নির্মাণাধীন একটি মসজিদে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার ইসরাইল কুর গ্রামে হামলা চালিয়ে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়, এতে ভবনটি ও এর ভেতরের অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলাকারীরা এলাকা ছাড়ার আগে মসজিদের দেয়ালে স্প্রে-পেইন্ট করে বর্ণবাদী গ্রাফিতি এঁকে দেয়। এদিকে, ছড়িয়ে পড়ার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সক্ষম হন।
ওয়াফা জানিয়েছে, কুসরায় নির্মাণাধীন আল-রাহমা মসজিদে ইসরাইলি দখলদারদের আগুন ধরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই কুর গ্রামে এই হামলাটি চালানো হয়।
কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি বলেছেন, এই হামলায় ঘটনাস্থলের কাঠের সরঞ্জাম ও নির্মাণ সামগ্রী পুড়ে গেছে।
ফিলিস্তিনি আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কুর-এর মসজিদকে লক্ষ্য করে চালানো এই ‘জঘন্য অপরাধের’ নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে যে, ইসরাইলি সেনাবাহিনীর সুরক্ষায় ইসরাইলি দখলদাররা ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ৪৫টি মসজিদে হামলা চালিয়েছে।
নাবলুসের পূর্বে অবস্থিত নিকটবর্তী শহর বেইত ফুরিকে, ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ওয়াফাকে জানিয়েছে যে, দখলদাররা আল-দুব্বাত মহল্লায় হামলা চালিয়ে এক বাসিন্দার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে এতে আংশিক ক্ষতি হয়।
হামলাকারীদের স্প্রে-পেইন্ট গ্রাফিতিতে আরবদের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান জানান হয়।
শুক্রবার, সেনাবাহিনীর মদতে ইসরাইলি দখলদাররা নাবলুসের নিকটবর্তী ফিলিস্তিনি শহর তেলে হামলা চালিয়ে চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি ও ইসরাইলি সূত্র অনুযায়ী, এই সংঘর্ষ চলাকালে গোলাগুলিতে দু’জন ইসরাইলিরাও নিহত হয়েছেন।
এই সহিংসতার পর ইসরাইলি বাহিনী নাবলুস ও তার পার্শ্ববর্তী শহরগুলো অবরোধ করে, ব্যাপক ধরপাকড় অভিযান চালায় এবং পশ্চিম তীর জুড়ে একটি বড় আকারের সামরিক অভিযানের প্রস্তুতির কথা ঘোষণা করে।
ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও দখলদাররা পশ্চিম তীরে অন্তত ১,১৮২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, হাজার হাজারকে আহত করেছে এবং প্রায় ২৪,০০০ জনকে আটক করেছে।
ফিলিস্তিনি উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন ৬ জুলাই একটি প্রতিবেদনে জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ৩,৪৮৮টি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে গ্রামে হামলা, বাড়িতে অগ্নিসংযোগ, গোলাগুলি, জমি দখল এবং বসতি স্থাপন। এতে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনিরা সতর্ক করেছে যে, এই ক্রমবর্ধমান হামলাগুলো পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পথ প্রশস্ত করার ইসরাইলি প্রচেষ্টার অংশ, যা জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোতে পরিকল্পিত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে।
সূত্র: মিডলইস্ট মনিটর