চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের এক ঘটনায় ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক, যার উপস্থিতিতেই তিনি কালিমা শাহাদাত পাঠ করেন।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি তাৎক্ষণিক ছিল না। তিনি দীর্ঘদিন ধরেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ অনুভব করছিলেন। মসজিদে মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তাকে শাহাদাহ পাঠ করেছেন কিনা জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন এই স্ট্রাইকার। ১.৯৭ মিটার উচ্চতার ইয়ঙ্গি বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলকে ড্র এনে দেন এবং পরবর্তীতে কোচের আস্থা অর্জন করেন।
গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ২৪ মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে ৭ মিনিট মাঠে নেমে দলের আক্রমণভাগে ভূমিকা রাখেন জাপানের ক্লাব এফসি মাচিদা জেলভিয়ার এই ফরোয়ার্ড।
ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে টেটে ইয়ঙ্গি বলেন, নতুন ধর্মীয় পরিচয়ে তিনি গর্বিত এবং মাঠে ও মাঠের বাইরে নিজের আচরণ ও সততার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চান।