২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। সাজা ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান-২-এর এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ গ্রেপ্তারের পর বিদিশা এরশাদকে গুলশান থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Home R3