শারীরিক অসুস্থতার কারণে আগামী এক বছরের জন্য সকল ওয়াজ-মাহফিল ও ইসলামী সম্মেলনের পূর্বনির্ধারিত ডেট স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
রবিবার (১২ জুলাই) তার নিজস্ব ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের কঠোর নির্দেশনা অনুযায়ী তাকে নিকট ও দূরবর্তী সকল সফর সীমিত রাখতে হচ্ছে। এ কারণে জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত যেসব প্রোগ্রামের তারিখ নির্ধারিত ছিল, সেগুলো স্থগিত করতে বাধ্য হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে কারাবন্দী অবস্থায় এক বছর বিনা চিকিৎসায় থাকার ফলে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। এরপরও প্রিয় মানুষের ভালোবাসায় সাড়া দিয়ে দেশব্যাপী ওয়াজ-মাহফিলে অংশগ্রহণের সর্বাত্মক চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে সফর থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি সংশ্লিষ্ট সকলের নিকট এ অনিবার্য সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়া কামনা করেন, যেন আল্লাহ তা‘আলা তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ভবিষ্যতে আবারও দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।