অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ (Ground Master 403M) রাডার এবং নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আকাশসীমা নজরদারিতে নতুন সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছে বিএনপি। আজ রোববার (২৩ আগস্ট) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এই নতুন রাডার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা-কেন্দ্রিক প্রায় ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আকাশসীমায় সর্বোচ্চ ৮৩৩ কিলোমিটার পর্যন্ত উড়োজাহাজ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
দলটির দাবি, নতুন রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ ব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক হবে। একই সঙ্গে উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আকাশসীমা নিয়ন্ত্রণে সার্বিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
ফেসবুক স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নতুন প্রযুক্তির মাধ্যমে আকাশপথে চলাচলকারী যেকোনো উড়োজাহাজের অবস্থান তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইমে) শনাক্ত ও পর্যবেক্ষণ করা যাবে।
তবে, রাডারটি কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে, এর সঠিক কারিগরি সক্ষমতা এবং পুরো প্রকল্পের বিস্তারিত বিষয়ে বিএনপির ফেসবুক পোস্টে অতিরিক্ত কোনো তথ্য সরবরাহ করা হয়নি।