‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ : সিএনএন সাংবাদিককে ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্প ও কলিন্সের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়।

ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাকে বলেন, ‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ এরপর সাংবাদিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জবাবে কলিন্স বলেন, জাতিসংঘ কর্তৃপক্ষ তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের সংবাদ সংগ্রহের অনুমতি দিয়েছে।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। জাতিসংঘের সংবাদকক্ষে সাংবাদিকদের তার উপস্থিতি নিয়ে সমালোচনার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। পরবর্তী এক পোস্টে সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ করেন, তারা তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে ‘আসক্ত’।

এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ ও ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতের দ্বারস্থ হয়েছে।

নির্বাহী ক্ষমতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে এ ঘটনায় ওয়াশিংটনে আইনি লড়াই চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Home R3