ইউরোপে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের মিসাইলের: ট্রাম্প

ইরানের মিসাইল ইউরোপে আঘাত হানার সক্ষমতা এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই স্বীকার করে নিলেন। বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে পারমাণবিক হত্যাযজ্ঞ দেখবে বিশ্ব। এদিকে, ড্রোন হামলায় ইতালির নাগরিক হত্যার অভিযোগে বাকযুদ্ধে জড়িয়েছে কুয়েত আর ইরান।

থ্যাংকস গিভিং ডে উপলক্ষে ফ্লোরিডায় ব্যক্তিগত অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে ইরান প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওই বক্তব্যে তিনি বলেছেন, ইউরোপে পারলেও যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা নেই ইরানের মিসাইলের। তাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে পারমাণবিক যুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। গত কয়েক সপ্তাহ ধরে নিজস্ব মিসাইলের আধুনিকায়ন আর সক্ষমতায় ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের সমর্থনদাতা ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে আসছে তেহরান। ওই হুমকির রেশ থাকতে এবার নিজ বক্তব্যেই তেহরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা স্বীকার করে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র কুয়েতের সাথে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান। মূলত কুয়েতে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ইতালির দুই নাগরিক নিহতের পেছনে ইরানকে দোষারোপ করা হলে কূটনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তেহরানের নিন্দায় বিবৃতি দিলে অভিযোগ অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের সাথে আবার যুদ্ধ শুরুর প্রেক্ষাপট তৈরির অপচেষ্টা এটি।

Home R3