পাকিস্তানই আমাদের রক্ষা করছে: জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

কাশ্মীরের জনগণ ও পাকিস্তানকে নিয়ে একটি মন্তব্য ঘিরে বিপাকে পড়েছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহ। প্রবীণ এই রাজনীতিকের তীব্র সমালোচনা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ফারুক আবদুল্লাহর মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ ও ‘পাকিস্তানপন্থী’ বলে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।

শনিবার (২৪ অক্টোবর) জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের বারামুল্লায় দলের কর্মী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ফারুক আবদুল্লাহ বলেন, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর সমস্যার কথা তুলে ধরে পাকিস্তান উপত্যকার মানুষকে রক্ষা করছে। একই সঙ্গে কাশ্মীরিদের বিষয়ে ভারতের উদ্দেশ্য ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, ‘বিশ্বের চাপের কারণে আজ তারা (ভারত সরকার) নীরব। আমাদের প্রতিবেশী (পাকিস্তান) সব জায়গায় গিয়ে বলছে, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। তারা আমাদের রক্ষা করছে। তা না হলে তাদের (ভারতের) উদ্দেশ্য ভালো নয়।’

জম্মু-কাশ্মীরের মানুষ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে নিজেদের অধিকার ও পরিচয় রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান ন্যাশনাল কনফারেন্সের সভাপতি।

তিনি বলেন, ‘দিল্লির কাছ থেকে আপনারা কী আশা করেন? তারা আপনাদের ন্যায়বিচার দেবে বলে কি মনে করেন? লড়াই করার সাহস রাখুন। তা না হলে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনাদের পরিচয়ও হারিয়ে যাবে।’

এ ছাড়া বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে মসজিদসহ মুসলিমদের বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর ভেঙে ফেলার অভিযান নিয়েও কথা বলেন ফারুক। তাঁর অভিযোগ, এসব অভিযানে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি তুলনামূলকভাবে বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ফারুক আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি নেতারা তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। এমনকি তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন দলটির নেতারা। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি, অধিকার ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Home R3