ক্যাথলিক ধর্মযাজকদের যৌন লালসার শিকার ১৩০০ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আর্চডায়োসিস ধর্মযাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় ১ হাজার ৩০০ জনের আইনি দাবি নিষ্পত্তিতে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। দীর্ঘদিনের আলোচনা ও দর-কষাকষির পর এ সমঝোতা হয়েছে। এতে প্রত্যেক ভুক্তভোগী কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন। নিপীড়নের ধরন ও গুরুতরতা অনুযায়ী কেউ কেউ আরও বেশি ক্ষতিপূরণ পেতে পারেন।

দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আর্চডায়োসিসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা প্রায় ১ হাজার ৩০০ জন এই সমঝোতার আওতায় ক্ষতিপূরণ পাবেন।

শনিবার (২৪ অক্টোবর) আর্চবিশপ রোনাল্ড হিকস জানান, অভিযোগকারী ও তাঁদের আইনজীবীদের সঙ্গে সমঝোতার পর আগামী ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করা হবে।

আর্চডায়োসিসের সংবাদমাধ্যমে প্রকাশিত যাজকদের উদ্দেশে পাঠানো এক ইমেইলে আর্চবিশপ রোনাল্ড হিকস বলেন, ঈশ্বরের কৃপায় তাঁরা এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের কিছুটা হলেও মানসিক নিরাময় ও পুনর্মিলনের সুযোগ তৈরি হবে।

হিকস আরও বলেন, এই সমঝোতার ফলে আর্চডায়োসিস তার মূল দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতে পারবে। এসব দায়িত্বের মধ্যে রয়েছে সুসমাচার প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অপরিচিতদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদান।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়েরকারী এক হাজারের বেশি ব্যক্তির আইনজীবী জেফ অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেন, ভুক্তভোগীদের সম্মতির ভিত্তিতে হওয়া এ সমঝোতা ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তাঁর ভাষ্য, ভুক্তভোগীদের সাহস, ত্যাগ ও দৃঢ়সংকল্পের ফলে জবাবদিহি নিশ্চিত করার পথে অর্থবহ অগ্রগতি হয়েছে।

যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রে ক্যাথলিক গির্জার করা বৃহত্তম সমঝোতাগুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসের আর্চডায়োসিস যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ৮৮ কোটি ডলারের সমঝোতা করেছিল।

নিউইয়র্কের এই চুক্তির মধ্য দিয়ে বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে কয়েক বছর ধরে চলা আলোচনা শেষ হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জা ২০০০-এর দশকের শুরু থেকেই যৌন নিপীড়ন নিয়ে একের পর এক কেলেঙ্কারির মুখে পড়ে। ওই সময়ে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, কয়েক দশক ধরে দেশটিতে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে হাজার হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।

এসব ঘটনায় গির্জার একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা নিপীড়নের ঘটনা ধামাচাপা দিয়েছেন অথবা অভিযুক্ত যাজকদের দেওয়ানি কর্তৃপক্ষকে না জানিয়ে অন্যত্র বদলি করেছেন।

এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডায়োসিসকে ক্ষতিপূরণ হিসেবে শত শত কোটি ডলার দিতে হয়েছে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া এড়াতে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার পৃথক কর্মসূচিও চালু করা হয়েছে।

চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস জানায়, ধর্মযাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় ৫৩০ জনের দাবি নিষ্পত্তিতে তারা ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে।

নিউইয়র্কের এই সমঝোতা যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়নের অভিযোগের জবাবদিহি ও ক্ষতিপূরণ নিয়ে চলমান দীর্ঘ প্রক্রিয়ার আরেকটি বড় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Home R3