জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার পাশাপাশি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে।
নির্ধারিত দিনে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। এ ছাড়া পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।
দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
এদিকে, আগের ব্যবস্থায় ভিসার অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। ফলে আগে নিবন্ধন করা শিক্ষার্থীদেরও নতুন নিয়ম অনুসরণ করতে হবে।
নতুন ব্যবস্থায় আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে জার্মানির ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনা জার্মান দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।