মালয়েশিয়ায় বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের মজুরি বাড়ছে

মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদেরও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের পরিবর্তে মাসে ২ হাজার রিঙ্গিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে ২০২৭ সালের জুন থেকে।

শুক্রবার ৯ অক্টোবর সংসদে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর মতে, নতুন মজুরিকাঠামোর ফলে ৪০ লাখেরও বেশি কর্মী উপকৃত হতে পারেন।

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরির বিধান বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরাও আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী হবেন।

মালয়েশিয়া ২০১৩ সালে ন্যূনতম মজুরি নীতি চালু করে। তখন মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৯০০ রিঙ্গিত। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে ১ হাজার, ২০১৯ সালে ১ হাজার ১০০, ২০২০ সালে ১ হাজার ২০০, ২০২২ সালে ১ হাজার ৫০০ এবং ২০২৫ সালে ১ হাজার ৭০০ রিঙ্গিত করা হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিতে পৌঁছাবে।

তবে বার্ষিক ব্যবসায়িক লেনদেন ৫ কোটি রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে নতুন মজুরির শর্ত থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবসায়িক কাঠামো সমন্বয়ের সময় দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা ও মজুরির মধ্যকার ব্যবধান কমাতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে না পারায় মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

মজুরিকাঠামো উন্নত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আধা দক্ষ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২ হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের সর্বনিম্ন সীমা নির্ধারণ করে। তবে দক্ষ কর্মীরা এখনো তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না।

এদিকে অনিবন্ধিত বিদেশি কর্মী নিয়োগ ঠেকাতে করবিধি আরও কঠোর করার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠান ছাড়া অন্য সংস্থাগুলোকে মজুরি ব্যয়ের ওপর কর ছাড় পেতে কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন দিতে হবে।

নতুন সিদ্ধান্তে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিদেশি শ্রমিকদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন মজুরি কার্যকর হতে ২০২৭ সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অব্যাহতির কারণে সব শ্রমিক একই সময়ে এ সুবিধার আওতায় আসবেন না।

Home R3