চলতি বছরে পর্তুগালে পারিবারিক সহিংসতায় অন্তত ১৬ নারী নিহত

প্রথম নয় মাসে মোট ২০ জনের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ৩ শতাংশ বেড়েছে; ভুক্তভোগীদের সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপের আহ্বান প্রেসিডেন্টের

পর্তুগালে পারিবারিক সহিংসতার ঘটনায় চলতি বছরের প্রথম নয় মাসে ১৬ নারীসহ ২০ জন নিহত হয়েছেন। একই সময়ে দেশটিতে পারিবারিক সহিংসতার অভিযোগও বেড়েছে। নারীর প্রতি সহিংসতা দূরীকরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এসব তথ্য দেশটিতে নারী নির্যাতনের উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরেছে। এ অবস্থায় নির্যাতনের শিকার নারীদের সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো।

পর্তুগালের নাগরিকত্ব ও লিঙ্গসমতা কমিশনের (সিআইজি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পারিবারিক সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ১৬ নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছেন। গত বছরের একই সময়ে এ ধরনের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছিল।

তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও সহিংসতার অভিযোগ বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির পুলিশ বাহিনী পিএসপি ও জিএনআর পারিবারিক সহিংসতার ২৩ হাজার ৬৩৪টি অভিযোগ পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩ শতাংশ বেশি।

পরিসংখ্যানে দেখা যায়, বছরের প্রথম তিন মাসে ৬ হাজার ৯৪৯টি অভিযোগ পাওয়া যায়। দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৮৭১টিতে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে অভিযোগ জমা পড়ে ৮ হাজার ৮১৪টি। ২০২২ সালের পর এটিই কোনো এক প্রান্তিকে সর্বোচ্চ অভিযোগের সংখ্যা।

এদিকে নারী অধিকার সংগঠন উমারের (UMAR) পরিচালিত নারী হত্যা পর্যবেক্ষণ সংস্থার (OMA) মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পর্তুগালে ২০টি নারী হত্যার ঘটনা এবং হত্যাচেষ্টার ৩৮টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০টি হত্যার ঘটনার মধ্যে ১৮টি ঘটেছে স্বামী, সঙ্গী বা সাবেক ঘনিষ্ঠ সঙ্গীর হাতে। বাকি দুটি ঘটনা ঘটেছে মায়ের ওপর প্রতিশোধ নিতে শিশুদের হত্যার মাধ্যমে। এসব ঘটনা শ্রেণিবদ্ধ করার ক্ষেত্রে সংগঠনটি নিজস্ব মানদণ্ড অনুসরণ করে, যা সরকারি পরিসংখ্যানের মানদণ্ড থেকে আলাদা।

জিএনআরের আওতাধীন এলাকায় ১৩ নারী নিহত :

এদিকে পর্তুগালের পুলিশ বাহিনী জিএনআর জানিয়েছে, তাদের দায়িত্বাধীন এলাকায় চলতি বছরের প্রথম ১০ মাসে পারিবারিক সহিংসতার ঘটনায় ১৩ নারী নিহত হয়েছেন। গত ২০২৫ সালের পুরো বছরে এ বাহিনীর আওতাধীন এলাকায় ৯ নারী ও দুই পুরুষসহ মোট ১১ জন নিহত হয়েছিলেন।

জিএনআরের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পারিবারিক সহিংসতার ১০ হাজার ১৪৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ সময় ৯০২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং ৪২৩টি অস্ত্র জব্দ করা হয়েছে।

নির্যাতনের শিকার নারীদের সুরক্ষায় প্রেসিডেন্টের আহ্বান :

নারীর প্রতি সহিংসতা দূরীকরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো নির্যাতন প্রতিরোধ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্সির প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, কোনো নারী যদি সুরক্ষাহীন থাকেন, তাহলে কোনো প্রতিষ্ঠানই তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বলে দাবি করতে পারে না।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি মানবাধিকারের লঙ্ঘন। নির্যাতনের শিকার কেউ সহায়তা চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে।

প্রেসিডেন্ট আরও বলেন, পারিবারিক সহিংসতা সব সময় শারীরিক নির্যাতনের মাধ্যমে শুরু হয় না। অপমান, হুমকি, একঘরে করে রাখা এবং নিয়ন্ত্রণমূলক আচরণের মাধ্যমেও এর সূচনা হতে পারে।

এ ধরনের সহিংসতা প্রতিরোধে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সমাজের সবাইকে সম্পর্কের মধ্যে ঈর্ষা, অধিকারবোধ এবং অন্যকে নিয়ন্ত্রণ করার প্রবণতাকে স্বাভাবিক হিসেবে মেনে না নেওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট লিসবনে পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তায় পরিচালিত বিশেষায়িত কেন্দ্র ‘এস্পাসো জুলিয়া’ পরিদর্শন করছেন।

সচেতনতামূলক প্রচারণায় পুলিশ :

পারিবারিক সহিংসতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চলতি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দেশটির পুলিশ বাহিনী জিএনআর ও পিএসপি। নির্যাতনের লক্ষণ চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা পুলিশকে জানানোর বিষয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

জিএনআরের প্রচারণা ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। এর অংশ হিসেবে বিভিন্ন স্কুল ও স্থানীয় জনপদে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী নারী, তরুণ-তরুণী এবং বয়স্ক ব্যক্তিদের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে পিএসপি ‘ভিওলেন্সিয়া ফিকা আ পোর্তা’ (সহিংসতাকে ঘরের বাইরে রাখুন) শিরোনামে ২৭ নভেম্বর পর্যন্ত প্রচারণা চালাবে। এতে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পর্তুগালে পারিবারিক সহিংসতা একটি জনস্বার্থসংশ্লিষ্ট ফৌজদারি অপরাধ। ফলে ভুক্তভোগী নিজে অভিযোগ না করলেও অন্য যে কেউ এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশকে জানাতে পারবেন।

পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তি কিংবা অন্য কারও ওপর নির্যাতনের আশঙ্কা থাকলে বিনা মূল্যে ২৪ ঘণ্টার সহায়তা নম্বর ৮০০ ২০২ ১৪৮-এ যোগাযোগ করা যাবে। এ ছাড়া ৩০৬০ নম্বরে খুদে বার্তাও পাঠানো যাবে।

সূত্র : পর্তুগাল রেসিডেন্ট

Home R3