পোর্তোর ঐতিহাসিক এলাকায় ৩৫টি আধুনিক অ্যাপার্টমেন্ট তৈরি করছে রয়্যাল ভেঞ্চারস

পর্তুগালের পোর্তো শহরের ঐতিহাসিক এলাকায় পাঁচটি পুরোনো ভবন সংস্কার করে ৩৫টি আধুনিক অ্যাপার্টমেন্ট তৈরি করছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল ভেঞ্চারস। এসব আবাসন বিক্রি করে প্রায় ১ কোটি ৮০ লাখ ইউরো আয় করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

পুরোনো ভবনগুলোর ঐতিহাসিক স্থাপত্য ও নকশা অক্ষুণ্ন রেখে আধুনিক জীবনযাপনের উপযোগী করে তোলা হচ্ছে। প্রকল্পগুলো পোর্তোর পরিচিত পাঁচটি সড়কে অবস্থিত। এগুলো হলো রুয়া দো আলমাদা, রুয়া দে সা দা বান্দেইরা, রুয়া দে সান্তা ক্যাতারিনা, রুয়া দে সেদোফেইতা এবং রুয়া দে আলভারেস কাবরাল।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৩৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে ইতোমধ্যে ২২টি বিক্রি হয়েছে। এখনো ১৩টি বিক্রির জন্য রয়েছে। এসব আবাসনের দাম ২ লাখ ৭৫ হাজার থেকে ১২ লাখ ইউরো পর্যন্ত। অবশিষ্ট অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে স্টুডিও থেকে শুরু করে তিন শয়নকক্ষের বাসা এবং দোতলা অ্যাপার্টমেন্টও রয়েছে। প্রতিটি আবাসনের আয়তন ৩৪ থেকে ১৩৬ বর্গমিটার।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘রয়্যাল আলমাদা’। ষাটের দশকে নির্মিত একটি ভবন সংস্কার করে এখানে নয়টি অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে। কয়েকটি অ্যাপার্টমেন্টে বারান্দা ও বাগানের সুবিধা থাকবে। পাশাপাশি বাসিন্দাদের জন্য থাকবে ব্যক্তিগত ব্যায়ামাগার।

অন্যদিকে, ‘রয়্যাল সেদোফেইতা’ ও ‘রয়্যাল আলভারেস কাবরাল’ প্রকল্পের আওতায় উনিশ শতকের শেষ দিকে নির্মিত দুটি ভবন সংস্কার করা হচ্ছে। এসব ভবনের ঐতিহাসিক সম্মুখভাগ এবং অলংকৃত দেয়াল, গ্রানাইট পাথরের কাজ ও কাঠের মেঝের মতো পুরোনো স্থাপত্য বৈশিষ্ট্য সংরক্ষণ করা হবে। প্রথম প্রকল্পে সাতটি অ্যাপার্টমেন্ট ও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দ্বিতীয় প্রকল্পে আটটি আবাসন তৈরি করা হবে।

পোর্তোর অন্যতম ব্যস্ত কেনাকাটার এলাকা রুয়া দে সান্তা ক্যাতারিনায় পঞ্চাশের দশকের একটি পুরোনো অফিস ভবনকে আবাসিক ভবনে রূপান্তর করা হচ্ছে।

এ ছাড়া রুয়া দে সা দা বান্দেইরায় অবস্থিত একটি সাবেক বাণিজ্যিক ভবনেও আটটি অ্যাপার্টমেন্ট ও একটি বাণিজ্যিক স্থান তৈরি করা হচ্ছে। ভবনটিতে একসময় একটি ব্যাংকের প্রধান কার্যালয় ছিল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সা দা বান্দেইরা প্রকল্পের কাজ ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। অন্য প্রকল্পগুলোর নির্মাণ ও সংস্কারকাজ ২০২৭ সালের শেষ থেকে ২০২৮ সালের শুরুর মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পোর্তোর আশপাশেও নতুন প্রকল্পের পরিকল্পনা :

পোর্তোর কেন্দ্রীয় এলাকার বাইরে মহানগর অঞ্চলের অন্যান্য পৌরসভাতেও আবাসন প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা করছে রয়্যাল ভেঞ্চারস।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দুটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এর একটি পোর্তোর কাম্পো আলেগ্রে এলাকায় এবং অন্যটি মাইয়া শহরের কেন্দ্রে। এ ছাড়া আরও ছয়টি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কয়েক শ নতুন আবাসন তৈরি হতে পারে।

পাশাপাশি ভিলা নোভা দে গাইয়া ও মাতোসিনহোস শহরেও আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

রয়্যাল ভেঞ্চারসের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রদ্রিগো ফোর্তে বলেন, পুরোনো ভবনগুলোকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ খুঁজে বের করাই সব সময় তাদের প্রতিষ্ঠানের মূল কৌশল।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আবাসন উন্নয়নের প্রকৃত মূল্য হলো সম্ভাবনাময় সুযোগ খুঁজে বের করা এবং সেগুলোকে এমন প্রকল্পে রূপ দেওয়া, যা শহর ও শহরের বাসিন্দাদের জন্য বাড়তি মূল্য তৈরি করে।’

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি এখন প্রবৃদ্ধির নতুন পর্যায়ে প্রবেশ করছে। এ পর্যায়ে পোর্তো মহানগর অঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন আবাসন প্রকল্প বাস্তবায়নের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।

সুত্র : পর্তুগাল রেসিডেন্ট

Home R3