আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি দাবি করেছে দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
আজ সোমবার (২৩ নভেম্বর) আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিষয়ে উদ্বেগ জানানো হয় এবং মুফতি রুহুল আমীনকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে বোর্ডর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মুফতি রুহুল আমীনকে গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাঁকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে। এ ঘটনায় আল-হাইআতুল উলয়া গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি দেশের কওমি মাদরাসা অঙ্গনের একজন শ্রদ্ধেয় আলেম ও শিক্ষাবিদ। কওমি মাদরাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর গ্রেফতার ও রিমান্ডে কওমি অঙ্গনের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের দ্বীনি জনতা উদ্বিগ্ন ও ব্যথিত।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে আল-হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ বলেন, মুফতি রুহুল আমীনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তাঁর সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করতে হবে। আমরা আশা করি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। দেশবাসীর প্রতি আহ্বান, তাঁরা যেন ধৈর্য ও সংযমের সঙ্গে তাঁর সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহসভাপতি হযরত মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব হযরত মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু: অছিউর রহমান।