বারবার যোগাযোগের চেষ্টা করেছেন ট্রাম্প, পাত্তা দেননি কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনাগ্রহ দেখিয়ে পারমাণবিক অস্ত্রের মজুত ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করে চলেছেন কিম।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আনুষ্ঠানিক টেলিফোন লাইনসহ বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ট্রাম্প। কোনো সাড়া না পেয়ে তাঁকে চিঠি পাঠানোর উদ্যোগ নেয় হোয়াইট হাউস। নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছানোর চেষ্টা করা হয়। তবে উত্তর কোরিয়ার এক কূটনীতিক পরে খোলা হয়নি এমন চিঠিটি মার্কিন প্রতিনিধির সামনে রেখে যান।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। তবে সাম্প্রতিক সময়ে কিমের এ বিষয়ে আগ্রহ নেই বলে মনে করা হচ্ছে। এশিয়া সফরের সময় ট্রাম্প নতুন বৈঠকের উদ্যোগ নিলেও কিমের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্র গ্রহণ না করায় তা ভেস্তে যায়।

২০১৯ সালে দুই নেতার সর্বশেষ সাক্ষাতের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির হাতে বর্তমানে প্রায় ৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম সলিড-ফুয়েলচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে পিয়ংইয়ং।

এদিকে রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগও উঠেছে দেশটির বিরুদ্ধে।

কিম জং উন একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নিলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় বৈরিতা অব্যাহত থাকবে। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো সাধারণ চুক্তির পরিবর্তে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চান।

Home R3