মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৩৪টি কারখানায় পরিচালিত এ অভিযানে অংশ নেন ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা। এ সময় ১ হাজার ৭০২ জনের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের অংশ হিসেবে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকার একটি পেরেক তৈরির কারখানায় ১৩১ জনের পরিচয় যাচাই করে ৭১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান, ভিসার অপব্যবহার ও বৈধ পরিচয়পত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জনসাধারণের অভিযোগ, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালয়েশিয়ার কয়েকটি সরকারি সংস্থা সহযোগিতা করে।
আটক ব্যক্তিদের তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের আটককেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ৪২ জন মালয়েশীয় নাগরিককে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ, আশ্রয় দেওয়া কিংবা অভিবাসন আইন লঙ্ঘনে সহযোগিতাকারী নিয়োগকর্তা ও কারখানা পরিচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।