ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্তত ৪ হাজার ১৯৫টি আবাসন সনদ সংগ্রহ ও ইস্যুতে সহায়তার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (পিজে)।
বুধবার (১৮ নভেম্বর) লরেস পৌরসভায় ‘অপারেশন ডোমাস’ নামে পরিচালিত এ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২টি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ।
পিজের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রকৃত বসবাসের ঠিকানার পরিবর্তে মিথ্যা তথ্য ব্যবহার করে স্থানীয় প্যারিশ কাউন্সিল বা ফ্রেগেসিয়া কাউন্সিল থেকে আবাসন সনদ সংগ্রহ করে দিতেন। অর্থের বিনিময়ে দেওয়া এসব সনদ পর্তুগালে অভিবাসীদের বসবাসের বৈধতা অর্জন বা অভিবাসন নিয়মিতকরণ প্রক্রিয়ায় ব্যবহার করা হতো। তদন্তে দেখা গেছে, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই চক্রের মাধ্যমে অন্তত ৪ হাজার ১৯৫টি আবাসন সনদ ইস্যু করা হয়েছে।
জালিয়াতির কার্যক্রম কতটা সংগঠিতভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কেও তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে এমন ঘটনাও শনাক্ত হয়েছে, যেখানে অভিযুক্তরা একটি নির্দিষ্ট দিনে ২০ বারের বেশি স্থানীয় প্যারিশ কাউন্সিলে গিয়ে আবাসন সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেছেন।