ফের পাল্টাপাল্টি হামলা, মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় আঘাত ইরানের

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। এর জবাবে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের তৎপরতার মধ্যেই মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই দেশের মধ্যে এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

ইরান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। তবে সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

এ যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও। নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের হামলা প্রতিহত করেছে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানান, মার্কিন সেনাসদস্য ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন হামলায় আইআরজিসির অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে একই দিন আইআরজিসি জানায়, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন সামরিক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকা এবং শিয়া ধর্মীয় নেতাদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়ার কারণে বাহরাইনকে সতর্ক করেছে ইরান।

এদিকে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় এবং আলোচনার টেবিলে উপস্থাপিত প্রস্তাবগুলোর ব্যবধান কমানোর লক্ষ্যে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন।

Home R3