অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরায়েলি ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলছে, এসব কর্মকাণ্ড ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়া সরকার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর এক দিন আগে পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংস্থাগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত। তারা বসতি স্থাপনকারীদের জন্য তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস কর্মকাণ্ডে সহায়তা দিয়ে আসছে।
নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থার সঙ্গে ব্যবসা-বাণিজ্য কিংবা কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তালিকায় থাকা আরেক ব্যক্তি এলিয়াভ লিবির বিরুদ্ধে তার নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।
পেনি ওং বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্পকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ আরও সংকুচিত করছে। ই-১ প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর দুই ভাগে বিভক্ত হবে এবং পূর্ব জেরুজালেম পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডের সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে জেরিকো শহরের একটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ওই এলাকায় সম্প্রতি কয়েকটি ফিলিস্তিনি বাড়ি বসতি স্থাপনকারীরা দখল করে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও অবৈধ বলে বিবেচনা করে। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে কথা বলেছেন। বুধবার এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পেনি ওং বলেন, তিনি অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। বসতি সম্প্রসারণের বিরোধিতা করা দেশটির দীর্ঘদিনের নীতি বলেও উল্লেখ করেন তিনি।
গত বছর অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপর ডিসেম্বরে সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হন। এসব ঘটনার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে।