বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান রাশেদ খাঁনের

বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল অনেক লংমার্চ করেছে। এবার ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণা করা হোক। এমন কর্মসূচি ঘোষণা করা হলে তিনি তাতে সাধুবাদ ও সমর্থন জানাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার অভিযোগ তুলে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে এবং ব্যবসায়ীরা শপিং মল ও দোকানপাট খোলা রাখতে সাহস পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও লেখেন, এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তখন স্থানীয় মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, শুধু হতাহতের ঘটনা ঘটিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং টুঙ্গিপাড়ার মানুষের মধ্য থেকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সরকার কঠোর হাতে নাশকতা দমন করতে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটলে সেটিকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, আওয়ামী লীগের নৈরাজ্য ধৈর্যের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল অনেক লংমার্চ করেছে উল্লেখ করে তিনি এবার ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান এবং এমন কর্মসূচির প্রতি নিজের সমর্থনের কথা জানান।

Home R3