যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য প্রকাশের পর তেহরানকে এ সতর্কবার্তা দেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ওয়াশিংটন ডিসি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ ধরনের কিছু ঘটলে তাদের (ইরান) এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ তারা পাগলাটে আচরণ করে। এ কারণেই তাদের কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।’
এর আগে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে ইরান।
সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনায় ওয়াশিংটনের নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। তবে ইরান এ ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে কি না কিংবা সত্যিই হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, আপাতত হামলার পরিকল্পনা চূড়ান্ত করার পরিবর্তে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে তেহরান। তবে এ তথ্য মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বিদেশ সফরের সময় তাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দুটি সূত্রের বরাতে সিএনএন জানায়, সম্ভাব্য হুমকি মোকাবিলায় গত এক সপ্তাহে একাধিক বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা।
‘ডার্টি বোমা’ প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা হয়। এটি পারমাণবিক বোমা নয়। পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। অন্যদিকে, ডার্টি বোমার বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলায় তাৎক্ষণিক প্রাণহানির প্রধান কারণ হতে পারে বিস্ফোরণ। তবে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থ দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি কোনো কোনো এলাকা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগে থেকেই অবস্থানরত কাউকে ব্যবহার করেও এ ধরনের হামলা চালানোর চেষ্টা করতে পারে ইরান—এমন আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।
তবে ইরান এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে বলেছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ বলে মনে করে ইরান। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।