এভাবে চলতে থাকলে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না : ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে আবেদন জানিয়ে। এক বলেছেন, ‘এভাবে চলতে থাকলে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না।’

সোমবার (১৬ নভেম্বর) ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা ওই চিঠিতে চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানান ইমরান। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতে ইমরান খানে তাকে বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য পরিস্থিতিরও বিস্তারিত তুলে ধরেছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে আদালতের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
ইমরান খান লিখেছেন, ‘আমি আমার জীবন হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যাতে যারা চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তারা বিনামূল্যে চিকিৎসা পান। আজ আমি শুধু চাই, আমার স্ত্রী ও আমাকে চিকিৎসা দেয়া হোক।’

ইমরান খান বলেন, তিনি একটি ‘নির্জন সেল’ থেকে চিঠিটি লিখছেন। কারণ, এখন তার কণ্ঠ কারাগারের দেয়ালের বাইরে পৌঁছানোর একমাত্র উপায় এটিই।

তিনি বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। আমি আমার জীবন পাকিস্তানের জন্য উৎসর্গ করেছি। ক্রিকেট মাঠে, সমাজসেবা ও দাতব্য কর্মকাণ্ডে এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আমি জাতির সেবা করেছি। ৭০ বছর বয়স পর্যন্ত আমার নামে একটি ফৌজদারি মামলাও ছিল না।’

ইমরান খানের অভিযোগ, ৭০ বছর বয়সের পর তার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্মম রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়। একের পর এক মামলা, আদালতে শতাধিকবার হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং একটি হত্যাচেষ্টার মুখোমুখি হতে হয়েছে তাকে। আল্লাহর রহমতে সেই হত্যাচেষ্টা থেকে বেঁচে যান তিনি।

পাক সাবেক প্রধানমন্ত্রী বলেন, এসবের মধ্যেও তিনি আইনের পথ বেছে নিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিটি মামলার বিরুদ্ধে আদালতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই লড়াই কখনো থামাননি।

ইমরান খানের দাবি, তোশাখানা-২ মামলার রায়ের পর তার পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ওই মামলায় সৌদি যুবরাজের উপহার দেয়া দামি বুলগারি গয়নার সেট স্বল্পমূল্যে কেনার অভিযোগে ইমরান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

চিঠিতে তিনি বলেন, তাকে বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়। দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে থাকতে হয়েছে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি নিজের ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও দেয়া হয়নি। বই ও টেলিভিশন থেকেও বঞ্চিত করা হয়েছে।

ইমরান খান জানান, চলতি বছরে তাকে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে। বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন মাত্র একবার।

ইমরান খান বলেন, ‘কারাগারে কেউ আমার সালামের জবাব দেয় না। পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেও কেউ কথা বলে না। আমার ধারণা, এর উদ্দেশ্য আমাকে অসুস্থ করে তোলা এবং আমার মনোবল ভেঙে দেয়া।’

তিনি বলেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। এই নিরবচ্ছিন্ন পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না।’

Home R3