ফাইল ছবি (সংগৃহীত)
যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির দাবি, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতির সঙ্গে হামলার কথিত ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কথিত আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর প্রতিশোধের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুপক্ষের বিমান হামলার জবাব হিসেবেই বাহরাইনে মার্কিন স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এতে বলা হয়, দামি মার্কিন ড্রোনগুলো একের পর এক ভূপাতিত করা হচ্ছে। আগের পর্যায়ের তুলনায় এবার আরও বেশি সংখ্যক আইআরজিসি ড্রোন মার্কিন লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হচ্ছে।
বিবৃতির শেষাংশে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে কঠোর ও সুপরিকল্পিত।
তবে বাহরাইনে মার্কিন স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি কিংবা রাডার ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।