ছবি, এ আই
সৌদি আরবের পূর্বাঞ্চলে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচারবিরোধী বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সৌদি পাবলিক সিকিউরিটির বরাত দিয়ে জানা গেছে, দেশজুড়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এতে পূর্বাঞ্চলীয় পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগের সদস্যরা অংশ নেন।
কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে জনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার ছয় নারীর জাতীয়তা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।