সিঙ্গাপুরে ১০০ দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে দেশটিতে ১০০ জন দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। নির্বাচিত কর্মীরা সবাই আগে সিঙ্গাপুরে কাজ করেছেন। ইতিমধ্যে তাদের সাক্ষাৎকারও সম্পন্ন হয়েছে। শিগগিরই তাদের পাঠানো সম্ভব হবে বলে আশা করছে বোয়েসেল।

বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৭০ হাজার ৮৩২ জন বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গেছেন আরও ৫৫ হাজার ৬১৪ জন। বর্তমানে দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। তাদের বড় অংশ নির্মাণ, জাহাজ নির্মাণ ও মেরামত এবং উৎপাদন খাতে কাজ করেন।

সিঙ্গাপুরের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। গত ১৯ আগস্ট সিঙ্গাপুরের ঢাকাস্থ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন। এর আগে ১১ আগস্ট সিঙ্গাপুরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের বৈঠকেও দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও অভিবাসন ব্যয় কমানোর বিষয়টি গুরুত্ব পায়।

নির্মাণ ও উৎপাদনসহ বিভিন্ন খাতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরিচর্যা ও নার্সিং খাতেও বাংলাদেশি নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করে সরকারি ব্যবস্থাপনায় কম খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Home R3