মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান সন্তুষ্ট বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। বুধবার (৪ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থানও যৌক্তিক। বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান খুশি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে সমঝোতা বলতে আত্মসমর্পণ বোঝায়। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প পরাজিত হলেও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে না বলে ধারণা করা যায়।
জলিল রহিমি জাহানাবাদি আরও বলেন, বাংলাদেশ বা অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনে ইরান সরাসরি ভূমিকা রাখতে পারে না। হরমুজ প্রণালিতে যত হামলা হয়, তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
আরবের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান কখনোই সেসব দেশে হামলা চালাত না বলেও মন্তব্য করেন তিনি।