একসময় ক্রেতাদের পদচারণে মুখর থাকা ঢাকার পুরনো ও অভিজাত শপিং মলগুলোতে এখন ক্রেতার উপস্থিতি কমে গেছে। বিক্রি কমে যাওয়ায় দোকান ভাড়া, কর্মচারীদের বেতন ও পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। লোকসান সামলাতে না পেরে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে শান্তিনগরের একসময়ের জনপ্রিয় কর্ণফুলী গার্ডেন সিটি।
ইস্টার্ন প্লাজা, পুলিশ প্লাজা, রাপা প্লাজা, মৌচাক মার্কেট, হোসাফ টাওয়ার ও শাহ আলী মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতা কমেছে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিছু দোকান পড়ে রয়েছে খালি।
ব্যবসায়ীদের মতে, অনলাইন কেনাকাটার প্রসার, মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এবং রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নিয়ম বেচাকেনা কমার অন্যতম কারণ। পুলিশ প্লাজার ব্যবসায়ীদের দাবি, পাঁচ বছর আগের তুলনায় তাদের বিক্রি কমেছে প্রায় ৬০ শতাংশ।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যা শপিং মলগুলোর বিক্রির প্রধান সময় হলেও রাত ৮টায় বন্ধ করতে হওয়ায় ক্রেতা কমছে। এ কারণে মার্কেট খোলা রাখার সময় আরও এক ঘণ্টা বাড়াতে সরকারের সঙ্গে আলোচনা চলছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে রাজধানীর আরও অনেক পুরনো বিপণিবিতান বন্ধ হয়ে যেতে পারে।