রাজকীয় সংবর্ধনায় মেসি, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার

স্পেনের ওভিয়েদোতে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আবহ। আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখতে রাস্তায় ভিড় করেন হাজারো সমর্থক। সেই উন্মাদনার মধ্যেই স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।

শুক্রবার রাতে ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মেসি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। গত জুনে মেসিকে এ পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে ঘিরে ওভিয়েদোতে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা ২০২৩ সালে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের সফরকেও ছাড়িয়ে গেছে। ব্যাগপাইপ ও ড্রামের বাজনা, আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের উল্লাস আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানস্থলে পৌঁছান মেসি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির প্রশংসা করেন প্রিন্সেস লিওনর। তাঁর বক্তব্যে উঠে আসে মেসির অসাধারণ ফুটবল দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলীয় চেতনাকে প্রাধান্য দেওয়ার বিষয়টি।

প্রিন্সেস লিওনর বলেন, মেসির খেলা মানুষকে একই অনুভূতিতে একত্র করে। গোলের অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে যে ঐক্য তৈরি হয়, তা তাঁর ক্যারিয়ারের গুরুত্ব তুলে ধরে। মেসির ফুটবলীয় দক্ষতার পাশাপাশি অহংকারের ঊর্ধ্বে উঠে দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতারও প্রশংসা করেন তিনি।

পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। তিনি লেখেন, ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়া তাঁর জন্য দারুণ সম্মানের। অন্য পুরস্কারজয়ীদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।

Home R3