সবাইকে কাঁদিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন মেসি

২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এস্তাদিও মনুমেন্টালে বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর আবেগঘন বক্তব্য দেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিদায়ী বক্তব্যের শুরুতে প্রয়াত বাবা হোর্হে মেসিকে স্মরণ করে মেসি বলেন, আর্জেন্টিনার জার্সি পরে ২০ বছরের বেশি সময় খেলতে পারা তার জন্য বিরাট গর্বের বিষয়।

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ তার সব স্বপ্ন পূরণে সতীর্থদের বড় ভূমিকা ছিল। জাতীয় দলের হয়ে খেলাটা তিনি খুব মিস করবেন বলেও জানান।

মেসি বলেন, ‘এখানে আর ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না।’

ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মেসি বলেন, কঠিন সময় সামনে আসছে এবং জাতীয় দলের ব্যর্থতা দেখতে চাওয়া কিছু মানুষ রয়েছে। তাই বড় কিছু অর্জনের জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে।

শেষে ভক্তদের উদ্দেশে আবেগাপ্লুত মেসি বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আপনাদের সবাইকে খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত।’

Home R3