যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেপ্তার হলে ভিসা বাতিল, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো কিংবা ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়।

পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’

এর আগেও ভিসা নিয়ে সতর্ক করেছিল দূতাবাস

এর আগে চলতি মাসেই অপরাধে জড়িত ব্যক্তিদের ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হওয়ার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

গত ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও আইন মেনে চলার প্রত্যাশা করে।

দূতাবাসের এসব সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের দেশটির আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপরাধে জড়িত হলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশের সুযোগ হারানোর ঝুঁকি থাকতে পারে।

Home R3