অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলার আয়োজন হবে। বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হবে। পরে রাজধানীর ১১টি ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, সকাল ৯টায় দশমী বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন হবে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে দেবীকে সিঁদুর দিয়ে বরণ করা হবে। এরপর সিঁদুর খেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রতিমা বিসর্জনের আগে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আনা হবে। পরে বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ বছর ঢাকার ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব।