বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে সম্পূর্ণ নিজস্ব খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই বিশেষ আতিথেয়তা লাভ করবেন। ওমরাহ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৮ হিজরি বছরের মধ্যে চারটি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
এশিয়ার যেসব দেশ এই তালিকায় রয়েছে, সেগুলো হলো—ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী এবং কর্মসূচির তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল-শেখ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান মুসলিম উম্মাহর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এই কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পবিত্র ওমরাহ পালন এবং ইসলামের ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারতের সুযোগ পাবেন।