জার্মানির বিমানবন্দরে স্যুটকেসে মিলল ৯২ সাপ, ৫৫ টিকটিকি

জার্মানির কোলন বন বিমানবন্দরে এক যাত্রীর স্যুটকেস থেকে ৯২টি সাপ ও ৫৫টি টিকটিকি উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। সাপগুলোর মধ্যে ৩৭টি ছিল বিষধর।

গত ১৫ অক্টোবর জার্মানির কোলন বন বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

৪৫ বছর বয়সী ওই মেক্সিকান যাত্রী মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে জার্মানিতে পৌঁছান। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে শরীরে কোকেনের উপস্থিতি পান কর্মকর্তারা। পরে স্যুটকেসের খাবারের পাত্র, শ্যাম্পুর বোতল ও মোজার ভেতর থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।

পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় কয়েকটি প্রাণী মারা যায়। ওই যাত্রীর দাবি, পরিচিত এক ব্রাজিলীয় ব্যক্তির অনুরোধে তিনি প্রাণীগুলো ইউরোপে নিয়ে যাচ্ছিলেন। পরে জার্মান কর্তৃপক্ষ তাঁকে দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে ইস্তাম্বুলগামী ফ্লাইটে ফেরত পাঠায়।

Home R3