সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে।
এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও জানায়, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।
ফ্লাইটের সর্বশেষ সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।