কেউ হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে বাঁকা চোখে তাকালে বা হুমকি ধমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গামন্দিরে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যুগ যুগ ধরে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে আসছেন। ঈদে হিন্দুরা মুসলমানদের বাড়িতে যেতেন, আর পূজায় মুসলমানরা হিন্দুদের বাড়িতে যেতেন। নাড়ু মোয়া খাওয়াসহ নানা আয়োজনে দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তবে গত ১৭ থেকে ১৮ বছর ধরে সেই সুযোগ আর হয়নি বলে মন্তব্য করেন তিনি।
দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নির্দেশ দিয়ে বলেছেন, হিন্দুরা তাদের ভোট দিয়েছেন এবং তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, কেউ কোনো হুমকি দিলে বা আপত্তিকর কিছু বললে তাঁকে ফোন করতে হবে। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। নাটোর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কেউ হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে বাঁকা চোখে তাকালে বা হুমকি ধমকি দিলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। হিন্দুরা সংখ্যালঘু বলে তাদের ওপর অন্যায় করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।