ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর অবতরণকারী নৌবহর ইরানের আশপাশে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মেকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন উভচর নৌবহর সান দিয়েগো থেকে রওনা হয়েছে। মেকিন আইল্যান্ডের সঙ্গে প্রায় ২ হাজার মার্কিন মেরিন সেনা রয়েছে।

ওই কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে। তার ভাষায়, এর ফলে ইরানকে মোকাবিলায় মার্কিন নেতৃত্বের হাতে ‘অনেকগুলো বিকল্প’ তৈরি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট ও তার স্ট্রাইক গ্রুপ সান দিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। একই সময়ে ইউএসএস মেকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন উভচর নৌবহরও যাত্রা করেছে।

এই নৌবহরে মেকিন আইল্যান্ডের পাশাপাশি ইউএসএস অ্যাঙ্কোরেজ ও ইউএসএস জন পি. মুর্থা রয়েছে।

Home R3