৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণের ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

আগামী ৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে অ্যাপয়েন্টমেন্ট বা নির্ধারিত সময় ছাড়া কোনো ধরনের বায়োমেট্রিক আবেদন গ্রহণ করা হবে না।

দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন অতিরিক্ত সেবাগ্রহীতার উপস্থিতির কারণে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় মারাত্মক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। স্থানীয় সৌদি কর্তৃপক্ষের অনুরোধ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদানের জন্য সেবাগ্রহীতাদের দূতাবাসের নিজস্ব পোর্টাল ([https://passportriyadh.com/appointment](https://passportriyadh.com/appointment)) ব্যবহার করে অনলাইনে আগাম তারিখ ও সময় নির্ধারণ (অ্যাপয়েন্টমেন্ট) করতে হবে। তবে যেসব প্রবাসী ইতিমধ্যে আবেদনের নির্দিষ্ট তারিখ ও সময় নিশ্চিত করেছেন, তাঁরা তাঁদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উপস্থিত হয়ে সরাসরি বায়োমেট্রিক সম্পন্ন করতে পারবেন।

অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে একটি সুশৃঙ্খল ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সকল প্রবাসীকে নির্ধারিত নিয়ম ও দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

Home R3