দেশে ফেরার নির্দেশনা দিয়ে কাউকে বিপদের মুখে ফেলতে চান না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) তাঁর এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজের সম্ভাব্য প্রত্যাবর্তন, ব্যক্তিগত নিরাপত্তা, দলের ভবিষ্যৎ নেতৃত্ব, বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এর আগে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিলেও নতুন সাক্ষাৎকারে দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি এমন কোনো নির্দেশনা দিতে চাই না, যার কারণে কেউ বিপদে পড়ে।’
দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও তাঁর অনুপস্থিতিতে দলের শীর্ষ পদের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি জানান, দলের গঠনতান্ত্রিক ধারাবাহিকতা অনুযায়ী জ্যেষ্ঠ নেতারাই দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘এখন শেখ ফজলুল করিম সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনিই সভাপতির দায়িত্ব পালন করবেন।’
এদিকে ছোট বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে পদার্পণ নিয়ে চলমান জল্পনা নাকচ করে দেন তিনি। এ বিষয়ে শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’
সাক্ষাৎকারে বাংলাদেশের অভ্যন্তরীণ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগের টিকে থাকার কৌশল নিয়েও নিজের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী।