৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ লাখ ৫০ হাজার এতিম-বিধবা ও প্রতিবন্ধীকে সহায়তা দিয়েছে আফগান সরকার

আফগানিস্তানজুড়ে সাড়ে ৬ লাখ এতিম, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১২ দশমিক ৬ বিলিয়নের বেশি আফগানি নগদ সহায়তা বিতরণ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী কাবুলে ‘গণমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এই পরিসংখ্যান তুলে ধরেন। আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এ তথ্য জানিয়েছে।

জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সরকারের শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ে এ বছর দেশজুড়ে মোট ৬ লাখ ৮০ হাজার ৫৮৩ জন সুবিধাভোগী নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে ৪ লাখ ৩ হাজার ২০২ জন এতিম, ১ লাখ ১ হাজার ১৫২ জন বিধবা এবং ১ লাখ ৭৫ হাজার ২২৯ জন শারীরিক প্রতিবন্ধী। স্বচ্ছ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার উপকারভোগীর কাছে এই ১২ দশমিক ৬ বিলিয়ন আফগানির নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রায় ১ লাখ দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় ১ কোটি ডলার সমমূল্যের খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আগামী ১৪০৫ অর্থবছরের বাজেটে আরও ১৪ দশমিক ৫ বিলিয়ন আফগানি বরাদ্দ রাখা হয়েছে।

শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বছরজুড়ে ১০ হাজার ৯৩০ জন এতিম ও অভিভাবকহীন শিশুকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৫৪৮ জন শিশু বর্তমানে রাষ্ট্রীয় এতিমখানায় আশ্রিত রয়েছে। এছাড়া মানবপাচারের শিকার, ঝুঁকিপূর্ণ ও কিশোর পুনর্বাসন কেন্দ্রে থাকা ৭ হাজার ২৩০ জন শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অংশীদার সংস্থাগুলোর সহায়তায় ৩ লাখ ৫১ হাজারের বেশি দরিদ্র পরিবারকে খাদ্য এবং ২ লাখ ৩৭ হাজারের বেশি মানুষকে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে প্রতিবেশী দেশগুলো থেকে রেকর্ডসংখ্যক আফগানদের প্রত্যাবর্তনের চিত্রও তুলে ধরা হয়। বছরটিতে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে মোট ৪ লাখ ১৯ হাজার ৭৫টি পরিবার বা প্রায় ২০ লাখ মানুষ আফগানিস্তানে ফিরে এসেছেন। ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট সাড়ে ৪৪ লাখের বেশি মানুষ দেশে ফিরেছেন। তাদের সহায়তায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ তহবিল থেকে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে।

এদিকে গত এক বছরে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ৭২ হাজারের বেশি পরিবারের মধ্যে খাদ্য ও জরুরি সামগ্রী এবং প্রায় ৩ লাখ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪ হাজার ৩৫২টি বাড়ি নির্মাণ এবং অবকাঠামো প্রকল্পের মাধ্যমে ৮৪ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রায় ১ লাখ ৮০ হাজার প্রত্যাবর্তনকারীকে স্বাস্থ্যসেবা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ১২ হাজার ৫১০ জনকে চিকিৎসার আওতায় আনা হয়।

অনুষ্ঠানে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট করেন যে, আফগানিস্তানে কর্মরত এনজিওগুলোর নিজস্ব বরাদ্দের কোনো বিদেশি তহবিল সরকার ব্যবহার করেনি। তবে অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপীয় দেশগুলো অনুদান কমিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি জানান, বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে আফগান জনগণের জন্য এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহযোগিতা প্রয়োজন।

Home R3