৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

হেফাজত আমীরের সাথে সাক্ষাৎ করে ধর্ম প্রতিমন্ত্রী বললেন আমি মাযহাব বিরোধী নই

হেফাজত আমীরের সাথে সাক্ষাৎ করে ধর্ম প্রতিমন্ত্রী বললেন আমি মাযহাব বিরোধী নই

বাংলাদেশ হানাফি মাজহাবের দেশ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে মাজহাবের সঠিক আদর্শ অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদগুলোতে ইমাম ও খতিব নিয়োগে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ধর্ম প্রতিমন্ত্রী সৌজন্য সফরে গেলে তাঁর সঙ্গে এ আলোচনা হয়।

সাক্ষাৎকালে আল্লামা বাবুনগরী ধর্ম প্রতিমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বাংলাদেশ হানাফি মাজহাবের দেশ। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনি মাজহাববিরোধী। কিন্তু দেশের জনগণ হানাফি মাজহাব অনুসরণ করে, তাই মাজহাবের সঠিক আদর্শ অনুযায়ী আমাদের সকলের জীবনযাপন করা উচিত।’ এর জবাবে ধর্ম প্রতিমন্ত্রী লিংকন বলেন, ‘আমি মাজহাববিরোধী নই, বরং মাজহাবের আদর্শের পক্ষে। আমি মূলত আপনার দোয়া চাইতে এসেছি।’

এ সময় বাবুনগরী আরও বলেন, মডেল মসজিদগুলোতে যাতে এমন কোনো ইমাম বা খতিব নিয়োগ না পায়, যারা রাসুলুল্লাহ (সা.), নবী-রাসুল ও সাহাবিদের সমালোচনা করে। এছাড়া তিনি ধর্ম প্রতিমন্ত্রীকে মওদুদীবাদী মতবাদের বিষয়ে সজাগ থাকার তাগিদ দেন এবং এ সংক্রান্ত প্রখ্যাত আলেমদের লেখা কিছু বই তাঁর হাতে তুলে দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, হেফাজতে ইসলামসহ ইসলামি সংগঠনগুলোর বিভিন্ন দাবি ও বক্তব্যকে সরকার চাপ হিসেবে দেখছে না, বরং গঠনমূলক পরামর্শ হিসেবে বিবেচনা করছে। সরকারের সঠিক পরিচালনার জন্য এমন গঠনমূলক চাপ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। হেফাজতের সঙ্গে সরকারের দূরত্ব প্রসঙ্গে তিনি জানান, ওলামা-মাশায়েখদের সঙ্গে যোগাযোগ যত বাড়বে, ব্যবধান ততই কমে আসবে।

এ বিষয়ে হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী জানান, ধর্ম প্রতিমন্ত্রী সবার সঙ্গে মিলেমিশে ও আলেমদের পরামর্শ নিয়ে মন্ত্রণালয় পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে হেফাজতের পূর্বের বিবৃতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই বিবৃতিটি কে দিয়েছেন তা তাদের জানা নেই এবং আজকের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

Home R3