অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের চলমান জ্বালানি সংকট দ্রুত সমাধানের কোনো সুযোগ নেই। এ সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও এর সমাধান আসতে সময় লাগবে এবং তা হবে ধীরগতিতে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। তাই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।’ সরকার বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জ্বালানি খাতের রিজার্ভের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘প্রতিটি এনার্জি সেক্টরে অন্তত তিন মাসের রিজার্ভ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে আমাদের। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে, যাতে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।’
সেমিনারে ডিসিসিআই-এর সভাপতি সহ ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং তারা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।