৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সঙ্কল্প অভিযান’-এর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্যে মোদি বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তি বা পরিবার নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়তে হলে তরুণদের সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে।

দেশজুড়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণদের ইতিবাচক সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর কাশীতে পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগ এখন জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১০০ সপ্তাহব্যাপী ‘জন অংশীদারিত্ব’ কার্যক্রম পরিচালিত হবে। প্রতি রবিবার দেশজুড়ে খেলাধুলা, ম্যারাথন, ধ্যান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও পথনাটকসহ নানা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে দেশের ১০ হাজারেরও বেশি স্থানে তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।

সরকার আশা প্রকাশ করেছে, এই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠন সম্ভব হবে।

সূত্র: দ্য হিন্দু

Home R3