ইসরাইলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা গ্রীষ্মকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, গ্যালিলি সাগর সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং জর্ডান উপত্যকায় ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, পার্বত্য ও অভ্যন্তরীণ অঞ্চলে আবহাওয়া থাকবে শুষ্ক ও অত্যন্ত গরম। অন্যদিকে উপকূলীয় এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম হলেও আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। দেশজুড়ে তাপজনিত অস্বস্তি মারাত্মক আকার ধারণ করতে পারে। বিকাল থেকে পাহাড় ও অভ্যন্তরীণ অঞ্চলে বাতাসের গতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে অনেক স্থানে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। জর্ডান উপত্যকার গিলগালে সর্বোচ্চ ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই তাপমাত্রা ক্যাপারনাউম ও বেইত শিয়ান এলাকাতেও পাওয়া গেছে। জেরুজালেমের পুরোনো শহরে তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং আশপাশে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
উপকূলীয় এলাকায় তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতা ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়, যা অস্বস্তিকর আবহাওয়া তৈরি করছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার তাপমাত্রা সামান্য কমলেও স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং বুধবার নাগাদ আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে উপকূলীয় এলাকায় আর্দ্রতা অব্যাহত থাকবে।
সূত্র: আই২৪ নিউজ