ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্লোভাকিয়ায় মোতায়েন সেনাসদস্যের সংখ্যা বাড়িয়েছে পর্তুগাল। দেশটি এখন সেখানে মোট ১৫৬ জন সেনা সদস্য মোতায়েন করছে। এ সময় পর্তুগিজ সেনাবাহিনীর প্রধান জেনারেল এদুয়ার্দো মেন্দেস ফেরাঁও বলেছেন, “ইউরোপে আবারও প্রচলিত যুদ্ধ ফিরে এসেছে।”
সান্তারেম অঞ্চলের সান্তা মার্গারিদা সামরিক শিবিরে ৫ম জাতীয় বিচ্ছিন্ন বাহিনীকে বিদায় জানানোর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই বাহিনী স্লোভাকিয়ায় গিয়ে স্পেনের নেতৃত্বাধীন বহুজাতিক ব্যাটলগ্রুপে যোগ দেবে। এটি ন্যাটোর পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ও নজরদারি কার্যক্রমের অংশ।
সোমবার (২৭ জুলাই) দ্য রেসিডেন্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জেনারেল মেন্দেস ফেরাঁও জানান, গত দুই বছরে স্লোভাকিয়ায় পর্তুগালের সেনা উপস্থিতি ৩০ জন থেকে বেড়ে প্রায় ১৬০ জনে পৌঁছেছে। এর মাধ্যমে একদিকে ন্যাটোর প্রতি পর্তুগালের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে, অন্যদিকে দেশটির সামরিক সক্ষমতাও বাড়ছে।
নতুন এই বাহিনীতে অতিরিক্ত একটি রাইফেল প্লাটুন, আর্মি পুলিশ ইউনিট এবং আগামী অক্টোবর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ও ফরোয়ার্ড অবজারভার ইউনিট যুক্ত হবে। তার মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং উচ্চমাত্রার প্রচলিত যুদ্ধের জন্য প্রস্তুত হতে এই পরিবর্তন আনা হয়েছে।
জেনারেল ফেরাঁও বলেন, বিদেশে পরিচালিত সামরিক মিশনগুলো নতুন প্রযুক্তি, কৌশল ও যুদ্ধপদ্ধতি পরীক্ষা করার সুযোগ দেয়। এসব অভিজ্ঞতা পরে সেনাবাহিনীর প্রশিক্ষণ, নীতিমালা এবং আধুনিকায়নে কাজে লাগানো হয়।
তিনি আরও বলেন, “উচ্চমাত্রার প্রচলিত যুদ্ধ এখন আর দূরের কোনো ধারণা নয়। এটি ইউরোপে প্রতিদিনের বাস্তবতা।” তাই বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সেনাবাহিনীকে আরও বেশি প্রস্তুত ও সক্ষম হতে হবে।
জেনারেল ফেরাঁও জানান, ২০১৪ সাল থেকে পর্তুগাল ধীরে ধীরে ন্যাটোর আন্তর্জাতিক প্রতিরোধ ও যৌথ প্রতিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়িয়ে আসছে। তার মতে, এতে প্রমাণিত হয় যে পর্তুগাল ন্যাটোর একটি সক্রিয়, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল মিত্র।
তিনি বলেন, ন্যাটোর পূর্বাঞ্চলের নিরাপত্তায় অবদান রাখা মানে পর্তুগালের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করাও।
বর্তমানে স্লোভাকিয়ার পাশাপাশি পর্তুগিজ সেনাবাহিনী ন্যাটোর অধীনে রোমানিয়াতেও মোতায়েন রয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেও তাদের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ন্যাটো পূর্ব ইউরোপে প্রতিরক্ষা জোরদারের জন্য যে বহুজাতিক ব্যাটলগ্রুপগুলো গঠন করে, ২০২২ সাল থেকে পর্তুগাল স্লোভাকিয়ার সেই ব্যাটলগ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে।