ভারতে মুসলিম সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, বিভিন্ন ধরনের বৈষম্য মোকাবিলা এবং আইনি সহায়তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেম, মুসলিম নেতা, রাজনীতিবিদ ও সমাজসেবীরা এক মঞ্চে সমবেত হয়েছেন।
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক কনস্টিটিউশন ক্লাবে ‘ভারতীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শ’ শীর্ষক উচ্চপর্যায়ের এই বৈঠকের আয়োজন করে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান মুসলিমস ফর সিভিল রাইটস (আইএমসিআর)।
গত শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুস্তান গ্যাজেট-সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সম্মেলনে দেশের প্রায় ১১০টি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য ৫১ সদস্যের একটি জাতীয় পরামর্শক কমিটি এবং ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজক সংগঠনের প্রতিনিধি আজম বেগ জানান, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ছাড়া ভারতের প্রায় সব গুরুত্বপূর্ণ মুসলিম সংগঠন ও বিশিষ্ট নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে অংশ নেওয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) জাতীয় সহ-সভাপতি মুহাম্মদ শফি জানান, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি (লিনচিং), মসজিদ ও মাদরাসা উচ্ছেদ অভিযান, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের উদ্যোগ এবং মাদরাসা নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবিধানিক অধিকার সংরক্ষণ এবং কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্মেলনে সংসদ সদস্য ইকরা হাসান, মহিবুল্লাহ নদভি, ইমরান মাসুদ ও জিয়াউর রহমান বারক বক্তব্য দেন। এছাড়া জম্মু-কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও বৈঠকে অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ খান আজমী, বিশিষ্ট সুফি নেতা সৈয়দ সরওয়ার চিশতী এবং মহারাষ্ট্রের বিধায়ক আবু আসিম আজমীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ ভারতের মুসলিমদের আইনি, সাংবিধানিক ও সামাজিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই মুসলিম সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।
সূত্র : দ্য হিন্দুস্তান গ্যাজেট