সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পবিত্র এই সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনার মুখোমুখি হন তিনি। এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি ওমরাহ সফরের পেছনের গল্প, নিজের অনুভূতি এবং সমালোচকদের উদ্দেশে বার্তা তুলে ধরেন।
স্ট্যাটাসে ভাবনা জানান, অনেকের কাছে তার ওমরাহ সফরের সিদ্ধান্ত হঠাৎ মনে হলেও এটি দীর্ঘদিনের ইচ্ছার ফল। তার বাবা-মা সবসময় আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনিও গত তিন বছর ধরে ওমরাহ করার পরিকল্পনা করছিলেন, তবে নানা কারণে তা সম্ভব হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকক সফর শেষে গত ৬ জুন দেশে ফেরার আগের রাতে আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিষয়টি ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করে নেন। এরপর অল্প সময়ের মধ্যেই, ২৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন।
সমালোচনার বিষয়ে ভাবনা বলেন, কিছু মানুষ তার ওমরাহ নিয়ে কটূক্তি করেছেন। তবে এসব মন্তব্যে তিনি বিচলিত নন। তিনি লেখেন, “আল্লাহ যদি না চান, কেউ তার ঘরে যেতে পারে না। আল্লাহ আমার নিয়ত জানেন। আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাই না।”
ওমরাহর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মক্কা ও মদিনায় কাটানো অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তবে তাকে দেখে কেউ অনুপ্রাণিত হলে সেটিই হবে তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
স্ট্যাটাসের শেষে সবার কাছে দোয়া চেয়ে ভাবনা সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।